জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী দিনের একটি আয়োজনে ড. খলিলুর রহমান বলেছেন, উন্নয়ন ও সংকট মোকাবিলায় মানুষকে কেবল সমস্যার অংশ হিসেবে দেখলে চলবে না; তাদের সমাধান তৈরির সক্ষমতাকেও কাজে লাগাতে হবে।‘সামাজিক ব্যবসা, যুবসমাজ ও প্রযুক্তি’ বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, বিভিন্ন সংকট দেখা দিলে শুধু তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে দীর্ঘমেয়াদি ও কাঠামোগত পরিবর্তনের দিকে যেতে হবে। বিশেষ করে তরুণদের অংশগ্রহণকে কেবল উপস্থিতির মধ্যে না রেখে সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের পর্যায়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।

তার মতে, ২০৩০ সালের এসডিজি লক্ষ্যমাত্রা পূরণের জন্য হাতে সময় খুবই কম। এই সময়ের মধ্যে মানুষকে প্রয়োজনীয় প্রযুক্তি, দক্ষতা ও সুযোগ দিতে পারলে তারা নিজেরাই বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যার কার্যকর সমাধান তৈরিতে ভূমিকা রাখতে পারবে।