দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সাদা ফসফরাস বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'ন্যাশনাল নিউজ এজেন্সি' (এনএনএ)-এর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এনএনএ-এর তথ্য অনুযায়ী, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন ও আরনুন এলাকা ছাড়াও বিন্ত জুবাইলের পাইন ও জলপাই বাগানে ইসরায়েলি বাহিনী ফসফরাস গোলা নিক্ষেপ করে। এর ফলে স্থানীয় বাগানগুলোতে ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। এছাড়া নাবাতিয়েহের নিকটবর্তী আলি আল-তাহের পাহাড়ি অঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

 পাশাপাশি টায়ার শহরের বাইত আল-সাইয়াদ নামক স্থানে ইসরায়েলি ড্রোন থেকে স্টান গ্রেনেড ফেলার খবরও পাওয়া গেছে।
অন্যদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে আট মাস ধরে চলা সামরিক অভিযান সম্পন্ন করার কথা জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। রোববার প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়, ৯১তম ডিভিশনের অধীনে থাকা ৪০১তম ব্রিগেডটি সীমান্ত এলাকায় তাদের সুরক্ষামূলক কার্যক্রম ও তথাকথিত 'নিরাপত্তা অঞ্চলে' ধারাবাহিক সামরিক মিশন শেষ করেছে।

আইডিএফ দাবি করেছে, এই দীর্ঘমেয়াদি অভিযানে তারা হিজবুল্লাহর ১,২০০টিরও বেশি আস্তানা গুড়িয়ে দিয়েছে, যার মধ্যে বেশ কিছু দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গ রয়েছে। এছাড়া অভিযানকালে ৬০০টিরও বেশি অস্ত্র জব্দ করা এবং হিজবুল্লাহর ৬০ জনেরও বেশি সদস্যকে হত্যা করা হয়েছে বলে তারা উল্লেখ করেছে।