নতুন ধরনের বিধ্বংসী অস্ত্রের সক্ষমতা যাচাইয়ে ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা সম্পন্ন করেছে উত্তর কোরিয়া। দেশটির সামরিক বাহিনীর দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে পরীক্ষার বিষয়টি জানা যায়।
এর আগে গত শনিবার ওয়ারহেডটির পরীক্ষা চালানো হয়। সাম্প্রতিক দিনগুলোতে সামরিক প্রযুক্তির আরও কয়েকটি ক্ষেত্রেও অগ্রগতি দেখানোর চেষ্টা করছে দেশটি। এর মধ্যে রয়েছে আক্রমণাত্মক ড্রোন, নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন টর্পেডো এবং মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা।
অন্যদিকে, দুই কোরিয়ার মধ্যবর্তী কঠোর নিরাপত্তাবেষ্টিত সীমান্ত এলাকায় সাম্প্রতিক একটি ল্যান্ডমাইন বিস্ফোরণকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। ওই ঘটনায় দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। এর মধ্যেই নতুন অস্ত্র পরীক্ষার খবর সামনে এলো।
বিস্ফোরণের ঘটনায় উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ অবশ্য অস্বীকার করেছে পিয়ংইয়ং। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার কথা জানিয়েছে দেশটি। পাশাপাশি লাউডস্পিকার ব্যবহার করে পাল্টা প্রচার কার্যক্রম চালুর ঘোষণাও দিয়েছে উত্তর কোরিয়া।
দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক তৎপরতা ও পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।



