ব্যবহারকারীর হয়ে ই-মেইল পাঠানো থেকে শুরু করে গাড়ি বিক্রি, কেনাকাটা কিংবা ভ্রমণের পরিকল্পনা—এমন নানা কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’ উন্মোচন করেছে মেটা।

মঙ্গলবার এক ঘোষণায় প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানায়, ‘মিউজ’কে কেন্দ্র করে তাদের বড় লক্ষ্য হলো কোটি কোটি ব্যবহারকারীর জন্য ‘পার্সোনাল সুপার-ইন্টেলিজেন্স’ বা ব্যক্তিগত অতি-বুদ্ধিমত্তাভিত্তিক সেবা তৈরি করা।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা আলাদা একটি ‘মিউজ’ অ্যাপের মাধ্যমে এই সুবিধা পাবেন। ভবিষ্যতে মেটার স্মার্ট গ্লাসেও প্রযুক্তিটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মিউজকে বিভিন্ন ব্যক্তিগত অ্যাপ ও সেবার সঙ্গে সংযুক্ত করা যাবে। ই-মেইল, ক্যালেন্ডার, পেমেন্ট, ভ্রমণের টিকিট, স্বাস্থ্যসংক্রান্ত তথ্য এবং অনলাইন শপিংয়ের মতো কাজে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী এটি নিজে থেকেই কাজ করতে পারবে।

শুধু অ্যাপ ব্যবহারের মধ্যেই এর সক্ষমতা সীমাবদ্ধ নয়। প্রয়োজনে ব্রাউজার খুলে ওয়েবসাইটে প্রবেশ, ফর্ম পূরণ এমনকি কোনো পণ্য কেনাবেচার ক্ষেত্রে দরকষাকষিও করতে পারবে এই এআই এজেন্ট।

মেটার দাবি, মিউজ ক্লাউডভিত্তিক নিজস্ব ভার্চুয়াল সিস্টেমে কাজ করবে। ফলে ব্যবহারকারী অ্যাপ থেকে বের হয়ে গেলেও দীর্ঘ সময়ের প্রয়োজন এমন কাজ ব্যাকগ্রাউন্ডে চালিয়ে যেতে পারবে।

তবে ই-মেইল পাঠানো বা কেনাকাটার মতো চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হলে ব্যবহারকারীর কাছে নোটিফিকেশন পাঠিয়ে অনুমতি চাইতে পারবে মিউজ।ব্যক্তিগত অ্যাপ ও তথ্য ব্যবহারের এই সক্ষমতা একদিকে মিউজকে আরও কার্যকর করে তুললেও অন্যদিকে গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে মেটার কর্মীদের পরীক্ষার অভিজ্ঞতাতেও এআইটির কার্যকারিতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার কথা উঠে এসেছে।

মেটা জানিয়েছে, মিউজের সাধারণ সংস্করণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে যারা তুলনামূলক বেশি ব্যবহার করতে চান, তাদের জন্য ভবিষ্যতে সাবস্ক্রিপশনভিত্তিক সুবিধা চালু করা হবে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, মানুষের দৈনন্দিন কাজের বড় একটি অংশ নিজের হাতে তুলে নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়ার সুযোগ করে দেওয়াই মিউজের অন্যতম উদ্দেশ্য।