অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর প্রায় ৭ লাখ ৫৬ হাজার সন্দেহভাজন অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট সরিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা।বৃহস্পতিবার (১৩ আগস্ট) মেটা জানায়, অস্ট্রেলিয়ার নতুন আইনের আওতায় আইনি বাধ্যবাধকতা পূরণ করতে এসব অ্যাকাউন্ট ব্লক ও নিষ্ক্রিয় করা হয়েছে।

মেটার তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ২ লাখ ৯৪ হাজার ফেসবুক এবং ৪ লাখ ৬২ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তখন পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ফেসবুক ও ৩ লাখ ৩১ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরানো হয়েছিল।

অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারী শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিভিন্ন ধরনের প্রোফাইল বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করছে মেটা। ব্যবহারকারীর জন্মদিনের শুভেচ্ছা, ক্লাসসংক্রান্ত তথ্য, পোস্টের ক্যাপশনসহ বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে সন্দেহভাজন অপ্রাপ্তবয়স্কদের শনাক্ত করা হচ্ছে।

তবে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও বিপুলসংখ্যক কিশোর-কিশোরী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে বলে বিভিন্ন তথ্য সামনে এসেছে। একটি সূত্রের দাবি, নিষেধাজ্ঞা কার্যকরের প্রথম তিন মাসেও ১৬ বছরের কম বয়সীদের ৮০ শতাংশের বেশি কোনো না কোনোভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেছে।

এদিকে অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার ও ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা নিয়ম না মানা প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। মেটার পাশাপাশি টিকটক, ইউটিউবের মালিক গুগল ও স্ন্যাপচ্যাটের প্রতিনিধিদেরও সংসদীয় কমিটির সামনে জবাবদিহির মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

নিয়ম ভঙ্গকারী প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে সর্বোচ্চ জরিমানার পরিমাণ দ্বিগুণ করে ৯ কোটি ৯ লাখ অস্ট্রেলীয় ডলার করার প্রস্তাবও করেছে অস্ট্রেলিয়া সরকার।শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ার পদক্ষেপকে বিশ্বের অন্যতম কঠোর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে নিষেধাজ্ঞার পরও অপ্রাপ্তবয়স্করা কীভাবে এসব প্ল্যাটফর্মে প্রবেশ করছে, তা নিয়ে নিয়ন্ত্রক সংস্থা ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়ছে।