ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় নিজের ভবিষ্যৎ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন কোচ উনাই এমেরি। ২০২৯ সালে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছাতে চায় ক্লাবটি।
সম্প্রতি ভিলার চেয়ারম্যান নাসেফ সাওয়িরিসের সঙ্গে বৈঠক করেছেন এমেরি। সেখানে ক্লাবের ভবিষ্যৎ লক্ষ্য, আর্থিক পরিকল্পনা এবং দলকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে আবারও আলোচনায় বসার কথা রয়েছে।
এমেরি জানিয়েছেন, অ্যাস্টন ভিলার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখাই তার প্রধান লক্ষ্য। ক্লাবের অবকাঠামো সম্প্রসারণ, ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং খেলোয়াড়দের মানোন্নয়নের মাধ্যমে আয় বাড়ানোর পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
তার মতে, খেলোয়াড় বিক্রি করে সেই অর্থে নতুন ও সম্ভাবনাময় ফুটবলার দলে ভেড়ানো ক্লাবটির দীর্ঘমেয়াদি কৌশলের অংশ। ভবিষ্যতেও এই পরিকল্পনা এবং উচ্চাকাঙ্ক্ষা বজায় রাখতে চান তিনি।
এদিকে এমেরিকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডসহ কয়েকটি ক্লাবের আগ্রহের খবর আলোচনায় রয়েছে। তবে ভিলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইতিবাচক বৈঠকের পর ক্লাবটিতে তাঁর দায়িত্ব অব্যাহত রাখার সম্ভাবনা জোরালো হয়েছে।