সরকার বিরোধী দলের দাবি ও বক্তব্যকে গুরুত্ব না দিলে আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বুধবার রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।সভায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ, গণভোট, জনদুর্ভোগ, জ্বালানি তেলের দাম, গ্যাস সংকট, গার্মেন্টস খাত এবং বিরোধী দলের চলমান লংমার্চ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যার বিষয়েও খোঁজ নেন জামায়াত আমির।
গণমাধ্যমকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ উল্লেখ করে তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে তথ্যনির্ভরভাবে কাজ করার আহ্বান জানান। তার ভাষ্য, সাংবাদিকরা ভালোভাবে কাজ করতে পারলে দেশের জন্যও তা ইতিবাচক হবে।জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, এর প্রভাব শুধু পরিবহন খাতেই সীমাবদ্ধ থাকে না; পণ্য উৎপাদন ও বাজারদরসহ সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাব পড়ে। তিনি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে আরও আলোচনা করার আহ্বান জানান।
বিরোধী দলের লংমার্চ কর্মসূচি নিয়ে সরকারি দলের সমালোচনার প্রসঙ্গেও বক্তব্য দেন তিনি। লংমার্চের দাবিগুলো জনগণের দাবি বলে উল্লেখ করে তিনি বলেন, কর্মসূচি বানচাল করতে ককটেল বিস্ফোরণের অভিযোগ জামায়াতের বিরুদ্ধে তোলা হলেও দলটি এমন কাজ করবে কেন—এ প্রশ্ন রয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকতে পারে বলেও দাবি করেন তিনি।
পে-স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের আর্থিক সুবিধা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে জামায়াত তার বিরোধিতা করবে বলেও জানান শফিকুর রহমান।
দেশে কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সরকারের পক্ষ থেকে বড় পরিসরে নতুন কর্মসংস্থানের কথা বলা হলেও বর্তমানে অনেকে কাজ হারাচ্ছেন বলে দাবি করেন জামায়াত আমির।
সংসদে বিরোধী দলের বিভিন্ন নোটিশ আলোচনায় না আসার অভিযোগও করেন তিনি। জ্বালানি, সার, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিশু নির্যাতন ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে দেওয়া নোটিশের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় সংসদে আলোচনার সুযোগ না পাওয়ায় রাজপথে কর্মসূচি পালন করতে হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণমাধ্যমে বক্তব্যের অংশবিশেষ ব্যবহারের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন শফিকুর রহমান। তার দাবি, অনেক সময় বক্তব্যের অংশ বিশেষভাবে প্রকাশ হওয়ায় বক্তব্যের মূল অর্থ পরিবর্তিত হয়।
সরকার বিরোধীদের কথা না শুনলে আন্দোলন চলবে: জামায়াত আমির
সরকার বিরোধী দলের দাবি ও বক্তব্যকে গুরুত্ব না দিলে আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বুধবার রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামায়াত বিটের
প্রিয় বাংলাদেশরাজনীতি


