দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, একটি স্বাধীন-সার্বভৌম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না। তার বক্তব্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নির্বাচন কমিশনের সমালোচনা করে শফিকুর রহমান দাবি করেন, কমিশনের ব্যর্থতার কারণেই স্থানীয় সরকার নির্বাচন পিছিয়েছে। একই সঙ্গে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়েও উদ্বেগ জানান তিনি।তার ভাষ্য, জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ার প্রভাব ইতোমধ্যে পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জামায়াতের বিশেষজ্ঞদের দেওয়া কিছু প্রস্তাব সরকার বিবেচনায় নেয়নি বলেও দাবি করেন তিনি।

রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জামায়াত কর্মসূচি পালন করলেও অগ্নিসংযোগ বা ভাঙচুরের মতো কর্মকাণ্ডে জড়িত নয়। তিনি সরকারকে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।এর আগে একই দিন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন অর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শফিকুর রহমান। তিনি প্রতিষ্ঠানটির অর্জনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, এই স্বীকৃতি ধরে রাখা এবং এর মর্যাদা বজায় রাখাও বড় দায়িত্ব।

অনুষ্ঠানে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, র‌্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।