বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ট্রোককে দুর্ঘটনা হিসেবে দেখছেন না দলটির নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দীর্ঘদিনের ব্যক্তিগত আক্রমণ ও মানসিক যন্ত্রণার কারণেই মির্জা আব্বাস স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে এসব মন্তব্য করেন রাশেদ খান।

তিনি দাবি করেন, পাটওয়ারীর ‘তীর্যক আক্রমণের’ কারণে মির্জা আব্বাস এমন অবস্থায় পৌঁছেছিলেন যে তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। জাতীয় সংসদে বৃহস্পতিবার মির্জা আব্বাসের বক্তব্যের প্রসঙ্গ টেনে তার বর্তমান শারীরিক অবস্থার কথাও তুলে ধরেন রাশেদ।তার ভাষ্য, সংসদে বক্তব্য দেওয়ার সময় মির্জা আব্বাসকে আবেগাপ্লুত ও কাঁদোকাঁদো অবস্থায় দেখা গেছে। এখনও তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। নিজে হাঁটতে পারেন না, পড়ে গেলে উঠতে কষ্ট হয়, কথা বলাও অস্পষ্ট এবং এক হাত নাড়াতেও তার সমস্যা হয় বলে দাবি করেন রাশেদ খান।

নির্বাচনের আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর আচরণ নিয়েও অভিযোগ তোলেন তিনি। রাশেদের দাবি, বয়সে অনেক ছোট পাটওয়ারীর কাছ থেকে মির্জা আব্বাসকে বিভিন্ন ধরনের ব্যক্তিগত আক্রমণ ও অসৌজন্যমূলক আচরণ সহ্য করতে হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পরও তিনি এসব মানসিক চাপ থেকে মুক্তি পাননি বলে দাবি করেন রাশেদ।মির্জা আব্বাস হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার প্রতিকৃতি তৈরি করে বক্সিং করারও অভিযোগ করেন তিনি। এ ঘটনাকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেন রাশেদ খান।

অসুস্থতার জন্য কাউকে সরাসরি দায়ী করা যায় না—এমন যুক্তির প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, বিষয়টি সাধারণভাবে সত্য হলেও দিনের পর দিন ব্যক্তিগত আক্রমণ ও মানসিক যন্ত্রণার প্রভাব একজন মানুষের ওপর পড়তে পারে বলে তিনি মনে করেন।মির্জা আব্বাসের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথাও তুলে ধরেন রাশেদ। তার দাবি, ঢাকার রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা মির্জা আব্বাস ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের সময় ঢাকাকে সংগঠিত করতে ভূমিকা রেখেছেন এবং গত ১৬ বছরে অসংখ্যবার কারাবরণ করেছেন।

রাশেদের অভিযোগ, মির্জা আব্বাসকে ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িয়ে অপবাদ দেওয়া হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও তাকে ঘিরে মব করা হয়েছে। এসব বিষয় তিনি মেনে নিতে পারেননি বলেও দাবি করেন বিএনপির এই নেতা।রাশেদ খান আরও দাবি করেন, দীর্ঘদিনের মানসিক যন্ত্রণার পরই মির্জা আব্বাস স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তার বর্তমান শারীরিক অবস্থার পেছনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যক্তিগত আক্রমণকে দায়ী করে তিনি বলেন, মির্জা আব্বাসের স্ট্রোক কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের ফল।