১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চকে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাখার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা তারা চান না এবং তা হতে দেবেন না।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১৯ সেপ্টেম্বরের লংমার্চ বাস্তবায়ন নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার জানান, লংমার্চে সহযোগিতা করার জন্য সরকার, প্রশাসন, পুলিশ, ট্রাফিক বিভাগ, গোয়েন্দা সংস্থা, সিভিল সোসাইটি এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের লিখিতভাবে জানানো হয়েছে।তিনি বলেন, তাদের কর্মসূচি হবে অহিংস ও নিয়মতান্ত্রিক। ভাঙচুর, অস্থিতিশীলতা কিংবা বিশৃঙ্খলার কোনো পরিকল্পনা ১১ দলের নেই।
কর্মসূচিতে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে সতর্ক করে গোলাম পরওয়ার বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি বাধাগ্রস্ত করে দেশের পরিবেশ অস্থিতিশীল না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।দেশের রাজনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যান করাকে কেন্দ্র করে বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। তার দাবি, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পরও সেই রায় প্রত্যাখ্যান করা হয়েছে।
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার শক্তি ব্যবহার করে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যাওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা। স্থানীয় সরকার নির্বাচন এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা নিয়েও তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন।লংমার্চের কর্মসূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উদ্বোধনী জনসভা শুরু হবে। এটি সকাল ৮টা পর্যন্ত চলার পর সেখান থেকে গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে।
গোলাম পরওয়ার জানান, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা করে গাজীপুর-টঙ্গী হয়ে গাজীপুর বাইপাসের ভোগড়া এলাকায় প্রথম পথসভা হবে। এরপর টাঙ্গাইলের নগর জালফৈ মোড়ে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হবে। পরে যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে আরেকটি পথসভা হওয়ার কথা রয়েছে। সেখানে দুপুরের দিকে পৌঁছানোর আশা করা হচ্ছে এবং নামাজ আদায়ের সুযোগ রাখা হবে।এরপর লংমার্চ গাইবান্ধার পলাশবাড়ীর দিকে যাবে। সেখানে সন্ধ্যা বা মাগরিবের সময় পথসভা হতে পারে। তবে পরিস্থিতির ওপর ভিত্তি করে সময়সূচিতে পরিবর্তন হতে পারে বলে জানান তিনি। শেষ পর্যন্ত রংপুর জেলা স্কুল মাঠে গিয়ে কর্মসূচি শেষ হবে।
তিনি জানান, পথে বিভিন্ন জেলার নেতাকর্মীদের গাড়িবহরে যুক্ত হওয়ার সুযোগ থাকবে। বহরের সঙ্গে স্বেচ্ছাসেবক, নিরাপত্তা, চিকিৎসা ও অ্যাম্বুলেন্স টিমের পাশাপাশি আইটি ও মিডিয়া টিমও থাকবে। সাংস্কৃতিক বিভাগের জন্যও আলাদা গাড়ি থাকবে।
লংমার্চের পথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তুলনায় প্রায় ৬০ কিলোমিটার বেশি দীর্ঘ হওয়ায় পথে রান্না করা খাবারের ব্যবস্থা করা সম্ভব হবে না বলে জানান গোলাম পরওয়ার। এ কারণে অংশগ্রহণকারীদের নিজ নিজ গাড়িতে শুকনা খাবার, পানি, প্রয়োজনীয় ওষুধসহ জরুরি সামগ্রী সঙ্গে রাখার পরামর্শ দেন তিনি।
ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ রাখার ঘোষণা ১১ দলের, বললেন গোলাম পরওয়ার
১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চকে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাখার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা তারা চান না এব
প্রিয় বাংলাদেশরাজনীতি


