রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত হাসান শুনানি শেষে এই আদেশ দেন।এর আগে একই মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন রাকিবুল। সেই মেয়াদ শেষে তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা আরও তিন দিনের রিমান্ড আবেদন করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে রাকিবুল হাসানের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। এছাড়া তার দেওয়া ৪ মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে।আবেদনে আরও বলা হয়, ওই অডিওর নমুনা কণ্ঠস্বরের সঙ্গে রাকিবুল হাসানের কণ্ঠস্বর তুলনা করে পরীক্ষা করার প্রয়োজন রয়েছে। এ কারণে তাকে আবারও পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন।দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে রাকিবুল হাসানকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।