জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের রাজনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপিই সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঝিনাইদহের নতুন হাটখোলা জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা গুম-খুন ও বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছেন। এমন পরিস্থিতির পর বিএনপি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরাতে চাইবে—এমন প্রশ্নও তোলেন তিনি।জামায়াতের আওয়ামী লীগ প্রসঙ্গে অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তার ভাষ্য, আওয়ামী লীগের বিষয়ে জামায়াতের নেতাদের বক্তব্যে নীরবতা দেখা যাচ্ছে।

তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে সরকারের বিভিন্ন ধরনের সমন্বয় ছিল এবং নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে।রাশেদ খানের অভিযোগ, যদি কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়ে থাকে, তা জামায়াত ও এনসিপির পক্ষেই গেছে। অতীতে জামায়াত সর্বোচ্চ ১৮টি আসন পেলেও এবার কীভাবে ৭৭টি আসনে পৌঁছেছে—এ প্রশ্নও তিনি তোলেন।

নির্বাচনে জামায়াতের আমির ও নাহিদ ইসলামের জয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রশ্ন উঠেছে বলে দাবি করেন তিনি। তবে এসব বিষয়ে রাজনৈতিক মহলে ভিন্নমত রয়েছে।এ সময় জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।