বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে এর দূরত্ব মাত্র ৫০ গজ। পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
তবে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হন তাহসিফ। পরে তুরাগ নদ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর।
তাঁকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযানও চালানো হয়। পিবিআই প্রধান জানান, দীপকে হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত জানাতে চাননি তিনি। তাহসিফের মৃত্যুর ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।