ছাত্রজীবনে রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে তার কোনো প্রভাব থাকা চলবে না বলে নবীন পুলিশ ও আনসার কর্মকর্তাদের সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পেশাগত জীবনে কর্মকর্তাদের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস পুলিশ ও আনসার ক্যাডারে যোগ দেওয়া কর্মকর্তাদের পরিচিতি ও ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ দায়িত্ব পালনে সার্ভিস রুলস অনুসরণ, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনসম্মত নির্দেশনা মেনে চলার ওপর তিনি গুরুত্ব দেন।
পুলিশ ও আনসার ক্যাডারের দায়িত্বের চ্যালেঞ্জ তুলে ধরে মন্ত্রী বলেন, এসব বাহিনীর কর্মকর্তাদের অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। তাই পরিস্থিতি বিবেচনায় বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও পেশাদারত্বের পরিচয় দিতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি বাহিনীর ভাবমূর্তি রক্ষা এবং ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনাও দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশের আইজিপি (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর ১ নভেম্বর সকালে পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।