তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বোর্ড গঠনের ঘোষণা দেন।
এর আগে শনিবার শ্রম ভবনে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। সেখানে নতুন মজুরি বোর্ড গঠনের বিষয়ে আলোচনা হয়। শ্রমিক প্রতিনিধিরাও বোর্ডের জন্য তাদের মনোনীত সদস্যদের নাম জমা দিয়েছেন বলে জানান তিনি।
দীর্ঘদিন ধরে পোশাকশ্রমিকরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন। তাদের অন্য দাবির মধ্যে রয়েছে কালো তালিকাভুক্তি বন্ধ এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের কাজে ফিরিয়ে নেওয়া।
এদিকে রবিবার মিরপুর ও গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। মিরপুরে অবরোধ তুলে দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষ হয়। এর আগের দিন মিরপুর, সাভার ও গাজীপুরে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং ভাঙচুরের ঘটনায় পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন।
মন্ত্রী জানিয়েছেন, শ্রমিকদের অন্যতম দাবি পূরণে সরকার ও পোশাকশিল্প মালিকদের সংগঠনগুলো একমত হয়েছে। বোর্ড গঠনের প্রজ্ঞাপন রোববারের মধ্যেই প্রকাশের কথা রয়েছে।