জাতীয় চার নেতার নামের পাশাপাশি ‘জয় বাংলা’ নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন নাম অনুমোদন করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে জারি করা অনুমোদনপত্রে পাঁচটি জাহাজের নতুন নাম উল্লেখ করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন এতে স্বাক্ষর করেন। এর আগে কোস্টগার্ড কর্তৃপক্ষ জাহাজগুলোর নাম পরিবর্তনের প্রস্তাব পাঠিয়েছিল।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ‘বিসিজিএস জয় বাংলা’ (পিসি-২০৮) এখন থেকে ‘বিসিজিএস অদম্য বাংলা’ নামে পরিচিত হবে। অন্য চারটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল-৭১)-এর নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল-৭২)-এর নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’ করা হয়েছে।
এ ছাড়া ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল-৭৩)-এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’। আর ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল-৭৪) এখন থেকে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ নামে চলবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতেই জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।