মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে দেশজুড়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
তিনি বলেন, মাদকের বিস্তার তরুণ সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলছে। এ সংকট মোকাবিলায় সচেতনতামূলক প্রচারের পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করতে হবে।
আজ ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, মাদক নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে পর্যাপ্ত কর্মী, আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং ধর্মীয় ও সামাজিক নেতাদের নিয়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মাদকাসক্ত ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, অপরাধ দমনের পাশাপাশি তাদের চিকিৎসা ও স্বাভাবিক জীবনে ফেরানোর সুযোগ তৈরি করতে হবে। বিশেষ করে অসহায় ও ছিন্নমূল মাদকাসক্তদের পুনর্বাসনে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। সন্তানদের বন্ধু-বান্ধব, চলাফেরা ও দৈনন্দিন কর্মকাণ্ডের দিকে অভিভাবকদের নজর রাখারও পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণের বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সেমিনারে আরও বক্তব্য দেন ড. এম এ মোহিত কামাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান ফারুক এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী। এতে ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরাও অংশ নেন।




