মার্শাল আর্ট চর্চা তরুণদের শুধু শারীরিকভাবে সক্ষম করে না, মানসিক দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার দক্ষতাও বাড়ায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তার মতে, আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তুলতে মার্শাল আর্টসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের প্রসার জরুরি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট-২০২৬ ও জাতীয় মার্শাল আর্ট পাওয়ার শো’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মার্শাল আর্টের প্রতিযোগিতায় জয় উদযাপনের পাশাপাশি পরাজয় মেনে নেওয়ার মানসিকতাও তৈরি হয়। পরাজয় থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার অভ্যাস জীবনের অন্যান্য ক্ষেত্রেও কাজে আসে। এ ধরনের চর্চা তরুণদের আত্মবিশ্বাসী, বিচক্ষণ ও দায়িত্বশীল করে গড়ে তুলতে সহায়তা করে।
অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকা মহানগর বিএনপিকে সংগঠিত করতে সাদেক হোসেন খোকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার নেতৃত্ব, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা থেকে অনেকে শিক্ষা ও অনুপ্রেরণা পেয়েছেন।
মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় অনুপ্রাণিত হয়ে সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তার জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম, সাহস ও দায়িত্ববোধের অনুপ্রেরণা হয়ে থাকবে।
তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার পরিবেশ সম্প্রসারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্রীড়াচর্চার মাধ্যমে শৃঙ্খলা, ধৈর্য ও ইতিবাচক মনোভাব গড়ে তোলা সম্ভব। খেলোয়াড়দের ব্যক্তিগত পরিচর্যা, পরিচ্ছন্নতা ও সুন্দর উপস্থাপনার প্রতিও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও সংগঠনটির সভাপতি ইশরাক হোসেন।
অনুষ্ঠানের আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে শেখ রবিউল আলম এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, সুস্থ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।