দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বা দুপুরের খাবার কর্মসূচি চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এর আওতায় প্রতিদিন প্রায় ১ কোটি ১০ লাখ শিশু পুষ্টিকর খাবার পাবে। শিশুদের অপুষ্টি দূর করা, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান জানান, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। আগামী ২০২৭ সাল থেকে বাকি এলাকাসহ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এতে চার থেকে ১০ বছর বয়সী শিশুদের পুষ্টি ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে।
তিনি বলেন, শুধু খাবার সরবরাহ করলেই হবে না, এর গুণগত মান ও পুষ্টিগুণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে মায়েদের সম্পৃক্ত করে তদারকি বাড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে সহজলভ্য শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত খাবার ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। স্কুলের দুপুরের খাবার আরও সুস্বাদু ও পুষ্টিকর করতে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনেরও প্রস্তাব দেন তিনি।
অনুষ্ঠানে ৩০০টি রেসিপির মধ্য থেকে সেরা রান্নার জন্য পাঁচজনকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম হন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় আবু আবদুল্লাহ এমডি সিয়াম এবং তৃতীয় হন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হয়।
বক্তব্যে ডা. জুবাইদা রহমান দেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে বলেন, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার। এ পরিস্থিতি মোকাবিলায় শিশু ও মায়ের পুষ্টি নিশ্চিত করা, নিরাপদ ও বৈচিত্র্যময় খাবারের অভ্যাস গড়ে তোলা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি।
কৃষি ও খাদ্যনিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেন তিনি। নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলা, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, উন্নত সেচব্যবস্থা, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো এবং পতিত জমি চাষের আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি খাদ্যের অপচয় কমানো ও টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।




