দেশে মাংসের উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানির পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে খামারিদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে দেশের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনী পর্বে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষের জীবিকা জড়িত। প্রাণিসম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের ফলে চরাঞ্চলের মানুষও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।
তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি প্রাণিসম্পদ খাতের অপার সম্ভাবনা কাজে লাগাতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। খামারিদের উৎপাদনে আগ্রহী করে তোলা এবং দেশের মাংসের চাহিদা পূরণে তাদের পাশে থাকবে সরকার।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র‍্যালিটি শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. আব্দুর রহিমসহ সংগঠনটির সদস্যরা অংশ নেন।
এ ছাড়া বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে অংশগ্রহণ করেন।