আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও পাঁচটি জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত, গাজীপুরে ১৮, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে তিন এবং কক্সবাজারে সাত প্লাটুন রয়েছেন। এ ছাড়া প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব সদস্যকে মাঠপর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা এবং নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড ঠেকাতে কাজ করছেন বিজিবি সদস্যরা।
এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও দায়িত্ব পালনে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরে মনিটরিং কার্যক্রম চালু রয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতির ওপর নজর রাখছে সদর দপ্তরের মনিটরিং সেল।