রাজধানীর নিরাপদ পানির সংকট মোকাবিলায় বড় একটি উদ্যোগ বাস্তবায়নের পথে। মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকায় সরবরাহের ব্যবস্থা করছে সরকার। এতে একদিকে পানির চাহিদা পূরণে নতুন উৎস যুক্ত হবে, অন্যদিকে ভূগর্ভস্থ পানির ওপর দীর্ঘদিনের অতিরিক্ত নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।
ঢাকার পানি সরবরাহ ব্যবস্থায় নতুন সংযোজন হতে যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মিত গন্ধর্বপুর পানি শোধনাগার। ২০২৭ সালের জুনে প্রকল্পটির প্রথম পর্যায়ের কার্যক্রম শুরু হলে রাজধানীর ১৩টি অঞ্চলে পরিশোধিত পানি পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এতে উপকৃত হবেন মহানগরীর পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা।
প্রকল্পের আওতায় পানি সরবরাহের তালিকায় রয়েছে বাড্ডা, উত্তরবাড্ডা, সাতারকুল, গুলশান, প্রগতি সরণি, বসুন্ধরা, খিলক্ষেত, কাকলি, বনানী, ক্যান্টনমেন্ট, মিরপুরের কিছু অংশ, উত্তরা ও মিরপুর ডিওএইচএস।
ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের অধীনে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই শোধনাগার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পরিশোধন করে রাজধানীতে সরবরাহ করা সম্ভব হবে। দ্বিতীয় ধাপ যুক্ত হলে একই পরিমাণ পানি আরও সরবরাহ করা যাবে। অর্থাৎ দুই পর্যায় মিলিয়ে দৈনিক সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকায় প্রতিদিন পানির চাহিদা প্রায় ৩ কোটি ২৫ লাখ লিটার। বর্তমানে ঢাকা ওয়াসা ভূগর্ভস্থ ও উপরিভাগের উৎস থেকে প্রায় ২ কোটি ৯৫ লাখ থেকে ৩ কোটি ৫ লাখ লিটার পানি সরবরাহ করছে। ফলে চাহিদার তুলনায় ঘাটতি থেকে যাচ্ছে।
তিনি জানান, ক্রমবর্ধমান জনসংখ্যার পানির চাহিদা পূরণ এবং সরবরাহের ঘাটতি কমাতে গন্ধর্বপুর প্রকল্প নেওয়া হয়েছে। এটি চালু হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা যাবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি শহরের মোট পানির চাহিদার সর্বোচ্চ ৩০ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে উত্তোলন করা উচিত। কিন্তু ঢাকায় বর্তমানে প্রায় ৭৪ শতাংশ পানি ভূগর্ভ থেকে সংগ্রহ করা হচ্ছে। বিপরীতে উপরিভাগের পানির ব্যবহার মাত্র ২৪ শতাংশ। এ ধরনের ভারসাম্যহীনতা পরিবেশ ও জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি ভূমিকম্পের ঝুঁকির বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।
প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ জানান, নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট নির্মাণকাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। শোধনাগার থেকে পানি সরবরাহ শুরু হলে মহানগরীর পূর্বাঞ্চলের বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন। পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে পরিবেশবান্ধব সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
তিনি আরও জানান, প্রকল্পটি চালু হলে কয়েকশ গভীর নলকূপ বন্ধ করা সম্ভব হবে। এতে ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।
ঢাকা ওয়াসার উপপ্রধান জনতথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। সংশ্লিষ্টদের হিসাবে প্রকল্পের উল্লেখযোগ্য অংশের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দুই পর্যায়ে পানি সরবরাহ চালু হলে রাজধানীর ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে প্রকল্পের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হওয়ার পরই রাজধানীর পানি সরবরাহে এর প্রকৃত প্রভাব মূল্যায়ন করা সম্ভব হবে।



