দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ এলখেরেজি।

সোমবার (৩ আগস্ট) রাতে তিনি ঢাকায় এসে পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরসূচি শেষে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংক্ষিপ্ত সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট এবং পারস্পরিক সহযোগিতার নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।

ঢাকার এক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, অবস্থানকালে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও তাঁর একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।