মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে প্রচলিত ব্যবস্থায় পরিবর্তন এনেছে সরকার। নতুন সংশোধনের ফলে বাইকের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর দুই লাইনের পরিবর্তে এক সারিতে লেখার সুযোগ তৈরি হয়েছে। এ ক্ষেত্রে অনুমোদন দেওয়ার দায়িত্ব পেয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এ ছাড়া মোটরসাইকেলের গঠন ও নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের আকার নির্ধারণের সুযোগও রাখা হয়েছে। প্রয়োজনে দৈর্ঘ্য ও প্রস্থে ভিন্ন মাপের রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের অনুমোদন দিতে পারবে সংস্থাটি।
এ বিষয়ে সংশোধিত বিধিমালা নিয়ে রোববার (১ নভেম্বর) বাংলাদেশ গেজেটে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর আগে ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এটি জারি করা হয়েছিল। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।
সংশোধনের মাধ্যমে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধিতে পরিবর্তন আনা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় অর্পিত ক্ষমতা প্রয়োগ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় সামনের প্লেটে নম্বরের পাশাপাশি জেলা বা অঞ্চলের পরিচিতি এবং যানবাহনের শ্রেণি বোঝাতে ব্যবহৃত অক্ষরের বিন্যাসও নির্ধারণ করতে পারবে বিআরটিএ। অক্ষরের উচ্চতা, প্লেটের ওপরের খালি অংশ, সংখ্যা ও অক্ষরের মধ্যবর্তী দূরত্ব এবং দ্বিতীয় লাইনে নম্বর থাকলে সেগুলোর মাঝের হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণের ক্ষমতাও সংস্থাটির হাতে রাখা হয়েছে।
এক লাইনে নম্বর প্রদর্শনের ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশক অক্ষরের পর নির্দিষ্ট মাপের হাইফেন ব্যবহারের বিধান যুক্ত হয়েছে। পাশাপাশি বিধিমালার ৩৬ নম্বর বিধির উপবিধি ১০ থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে।
সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সংশোধিত বিধান কার্যকর করতে আলাদা কোনো সময়সীমা রাখা হয়নি। প্রকাশিত নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।