বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করতে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) সঙ্গে আলোচনা করেছে সরকার। বুধবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্যাংকটির গভর্নর আমাকাওয়া কাজুহিকোর বৈঠকে এ বিষয়ে কথা হয়।
আলোচনায় জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং অবকাঠামো খাতকে সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়। পাশাপাশি বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় স্থাপনের প্রস্তাব দেওয়া হলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা জানান গভর্নর।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জেবিআইসির সহযোগিতা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বিনিয়োগের পরিধি বাড়াতে সরকার ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং বিধিবিধান সহজ করার কাজ করছে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকার।
তিনি উল্লেখ করেন, জেবিআইসির অগ্রাধিকারভুক্ত প্রকল্পগুলোর সঙ্গে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার মিল রয়েছে। ফলে দুই পক্ষের সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।