সৌদি আরবে হামলার ঘটনার পর আটকে পড়া বাংলাদেশি ওমরাহযাত্রীদের শেষ কাফেলার ৪০ সদস্য দেশে ফিরেছেন। সোমবার দুপুরে জেদ্দা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নির্দেশনায় বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের পরিচালক (হজ) মো. লোকমান হোসেন, জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার ঘটনার পর এসব ওমরাহযাত্রী আটকে পড়েন। তাদের নিরাপদে দেশে ফেরানোর জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সমন্বয় করা হয়। সৌদি আরবে অবস্থানের সময় ধর্মমন্ত্রী যাত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে সৌদি আরবে তাদের দুই দিনের আপ্যায়ন ও পোশাকের ব্যবস্থা করা হয়। দেশে ফেরার পর আপ্যায়নের পাশাপাশি যাত্রীদের নিজ গন্তব্য সিরাজগঞ্জ শহরে পৌঁছে দেওয়ার জন্য ব্যক্তিগত তহবিল থেকে যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে। ওমরাহ কাফেলার নেতৃত্বে থাকা মুয়াল্লিম আব্দুল্লাহ-আল-মামুন জানান, সৌদি আরবে অবস্থানকালে ধর্মমন্ত্রী নিয়মিত তাদের খোঁজখবর নিয়েছেন। যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনাও দিয়েছেন তিনি। আব্দুল্লাহ-আল-মামুনের ভাষ্য অনুযায়ী, লাগেজ না পাওয়ায় কয়েকজন যাত্রী সমস্যায় পড়েছিলেন।
তাদের জন্য ধর্মমন্ত্রীর নির্দেশনায় খাবার, পোশাক ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হয়। দেশে ফেরার পর আপ্যায়ন এবং সিরাজগঞ্জে পৌঁছানোর জন্য পরিবহন-সহায়তা পাওয়ায় যাত্রীরা ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ওমরাহযাত্রীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সহযোগিতার জন্যও ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর মেহমানদের সেবায় আরও কাজ করার তৌফিক দেওয়ার জন্য দোয়া করেছেন তারা।
এ ছাড়া প্রয়োজনীয় সহায়তা দেওয়ায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস, মক্কা ও মদিনা হজ মিশন, সৌদি আরবের সরকার এবং সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন দেশে ফেরা যাত্রীরা। তবে হুতি বিদ্রোহীদের হামলায় আহত বাংলাদেশি ওমরাহ কাফেলার সাতজন সদস্য এখনো সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।