রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য হওয়ায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন। এর আগে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন তফসিলটি চূড়ান্ত করে।তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২৯ অক্টোবর ভোট অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, রুহিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ভুল্লি উপজেলা নির্বাচন কর্মকর্তা।এবারও নির্বাচনে দেশের বাইরে অবস্থানরত ভোটারদের জন্য ‘আউট অব কান্ট্রি ভোটিং’ সুবিধা থাকছে। আগের নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে ৩৩টি দেশের ৩৮৬ জন ভোটার বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছিল সৌদি আরব থেকে।

এ ছাড়া দেশের ভেতরে পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫ জন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবী ছিলেন ২ হাজার ৭৩৫ জন।গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর সংসদ সচিবালয় তার আসনটি শূন্য ঘোষণা করে।সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য নন। কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের দিনই তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়।

অন্যদিকে সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন আয়োজন করতে হয়। সেই বাধ্যবাধকতা অনুযায়ী তফসিল ঘোষণা করেছে ইসি।আসনটি শূন্য হওয়ার পর গত ৩০ আগস্ট জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।অন্যদিকে উপনির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীন এবং বড় মেয়ে মির্জা শামারুহ।