বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় বাংলাদেশিসহ ২২ নাবিক নিখোঁজ রয়েছেন। জাহাজটিতে থাকা ২৪ নাবিকের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি ওশেন উইনার’। এতে মোট ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। জাহাজটি প্রায় ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া নিয়ে ভারতের পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

২০ আগস্ট রাত ১০টা ৪২ মিনিটে জাহাজটি পারাদ্বীপ বন্দর ত্যাগ করে। পরে ২২ আগস্ট সকালে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার।

পরদিন জাহাজটি সম্পূর্ণ ডুবে গেলে নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান আরও জোরদার করা হয়।ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। কোস্টগার্ডের ‘বরদ’ ও ‘আনমোল’ নামের দুটি জাহাজ ঘটনাস্থলে কাজ করছে। পাশাপাশি ‘বিজিত’ নামের আরেকটি জাহাজও উদ্ধার অভিযানে যোগ দিতে রওনা হয়েছে।

ওই এলাকায় চলাচলকারী অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকেও নিখোঁজ নাবিকদের সন্ধানে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।জাহাজটি ঠিক কী কারণে ডুবে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।