সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকটি রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা থেকে দাম্মামগামী ফ্লাইট ২৩, ২৪ ও ২৫ অক্টোবর এবং রিয়াদগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। বৃহস্পতিবার, ২২ অক্টোবর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ অক্টোবর রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইটও ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা বা মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।




