পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করে বেকারমুক্ত বান্দরবান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। একই সঙ্গে মাদকমুক্ত বান্দরবান গঠনে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা যুবদলের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে আয়োজিত র্যালি পরবর্তী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সাচিং প্রু জেরী বলেন, মাদকের বিস্তার এখন জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। কক্সবাজারকে মাদক পাচারের প্রধান রুট হিসেবে চিহ্নিত করা হলেও নাইক্ষ্যংছড়ি, আলীকদম ও থানচিসহ পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে এর নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগী হতে হবে।
বান্দরবানের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, আবেগনির্ভর সিদ্ধান্ত নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে পার্বত্য অঞ্চলের উন্নয়ন এগিয়ে নিতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা হবে। সমন্বিত ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বেকারমুক্ত বান্দরবান গড়ে তোলাই লক্ষ্য।
জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুমের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম চৌধুরী। এতে বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।