পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। রোববার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সাক্ষাৎকালে এ অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

বৈঠকে পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা, প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা নিয়ে আলোচনা হয়। মন্ত্রী নেদারল্যান্ডসকে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ দেশ। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙন প্রতিরোধে নেদারল্যান্ডস বাংলাদেশে কাজ করতে আগ্রহী। বৈঠকে পানিসম্পদ সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।