ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নেও গুরুত্ব দেন তিনি। শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, ডেঙ্গু মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে গত এক মাসে সারা দেশে দুই হাজার চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। দেশে অসংক্রামক রোগের প্রভাব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ৭২ শতাংশের বেশি মানুষের মৃত্যু অসংক্রামক রোগের কারণে ঘটে। হৃদরোগ ও স্ট্রোক এ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রোগীদের সঙ্গে আন্তরিক ও সহানুভূতিশীল আচরণ করতে হবে। চিকিৎসার বিষয়গুলো সহজ ভাষায় ব্যাখ্যা করলে রোগীদের মধ্যে বিভ্রান্তি কমবে এবং চিকিৎসক ও রোগীর পারস্পরিক আস্থা বাড়বে। চিকিৎসাসেবায় পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধও জরুরি। মতবিনিময় সভার আগে প্রতিমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।