বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আজ মঙ্গলবার টোকিওতে শীর্ষ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্থানীয় সময় সকাল ১১টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা এবং আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের অবস্থান নিয়ে আলোচনা হবে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে সোমবার সকালে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জাপানের নাকাসোনে ইয়াসুতাকা। পরে জাপানের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনা গ্রহণের পর দুই নেতার নেতৃত্বে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক প্রতিনিধিরা।
বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান।
গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর তৃতীয় রাষ্ট্রীয় বিদেশ সফর। এর আগে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেন। গত সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কেও যান তিনি।