জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের ১ লাখ ১৭ হাজার ৬৬৬টি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) ১৮ অক্টোবরের হিসাব অনুযায়ী, এসব আবেদনের প্রায় ৯২ শতাংশ চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে জমা পড়েছে।
অনিষ্পন্ন আবেদনের মধ্যে সবচেয়ে বেশি ৬৯ হাজার ২৫২টি ‘ঘ’ ক্যাটাগরির। এ ধরনের আবেদনে জন্মতারিখ, বয়স কিংবা বাবা-মায়ের নামের মতো গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তনের বিষয় থাকে। এসব আবেদন যাচাইয়ের পর এনআইডি অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদন প্রয়োজন হয়।
ইসির তথ্য অনুযায়ী, ছয়টি ক্যাটাগরিতে এখন পর্যন্ত ৬৪ লাখ ৩৫ হাজার ৩৯৭টি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ‘ক’ ক্যাটাগরিতে সর্বাধিক ৪২ লাখ ১৩ হাজার ৩৯০টি আবেদন নিষ্পত্তি হয়েছে। ‘খ’ ক্যাটাগরিতে ১২ লাখ ৫৬ হাজার ৪০টি এবং ‘গ’ ক্যাটাগরিতে ৫ লাখ ৯৬ হাজার ৭৪৬টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
বর্তমানে ‘ঘ’ ক্যাটাগরির পর সবচেয়ে বেশি আবেদন ঝুলে আছে ‘খ’ ক্যাটাগরিতে, ১৭ হাজার ৬৮১টি। এ ছাড়া ‘গ’ ক্যাটাগরিতে ১৫ হাজার ৪২২টি, ‘ক’ ক্যাটাগরিতে ১১ হাজার ১৯১টি, ‘খ-১’ ক্যাটাগরিতে ৩ হাজার ১৯২টি এবং ‘ক-১’ ক্যাটাগরিতে ৯২৮টি আবেদন অনিষ্পন্ন রয়েছে।
পুরোনো আবেদনের তুলনায় চলতি বছরের আবেদনই বেশি জমে আছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জমা পড়া ১ লাখ ৮ হাজার ১৮৮টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায়। ২০২৫ সালের ৯ হাজার ২৫টি, ২০২৪ সালের ১৭১টি এবং ২০২৩ সাল বা তার আগের ২৮২টি আবেদনও ঝুলে রয়েছে।
‘ঘ’ ক্যাটাগরির অনিষ্পন্ন আবেদনের সংখ্যায় ঢাকা এগিয়ে রয়েছে। এখানে ১০ হাজার ৬১৫টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায়। চট্টগ্রামে ১০ হাজার ৫৫৯টি এবং ময়মনসিংহে ৮ হাজার ৩৩২টি আবেদন ঝুলে আছে। বরিশালে এ ধরনের অনিষ্পন্ন আবেদন সবচেয়ে কম।
এনআইডি মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, প্রতিটি আবেদনের পেছনে আলাদা বিষয় রয়েছে। অনেক আবেদনকারী ব্যক্তিগত তথ্যে বড় ধরনের পরিবর্তন চান। এর কিছু আবেদন অসৎ উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে করা হয়। তবে যাচাই-বাছাই করে দ্রুত আবেদন নিষ্পত্তির চেষ্টা চলছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, তার কাছে আসা প্রতি পাঁচটি সংশোধন আবেদনের চারটিই ‘ঘ’ ক্যাটাগরির। এসব আবেদনে মৌলিক তথ্য পরিবর্তনের বিষয় থাকায় নথিপত্র যাচাই করা কঠিন হয়। এমন অসংগতিপূর্ণ আবেদনও পাওয়া গেছে, যেখানে সংশোধিত তথ্য অনুযায়ী বাবার মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম হয়েছে।




