দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশ দিয়েছে সরকার। কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি ও সরবরাহব্যবস্থায় অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা থাকলেও দেশের বাজারে এলপিজির সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা জরুরি। নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ দিয়ে যাতে ভোক্তাদের সিলিন্ডার কিনতে না হয়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।
উপদেষ্টা জানান, এলপিজির বাজার পরিস্থিতি নিয়ে জ্বালানি বিভাগ জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইন বৈঠক করেছে। বৈঠকে বাজার তদারকি, সরবরাহ পর্যবেক্ষণ এবং নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
জাহেদ উর রহমান বলেন, এলপিজি ব্যবসায়ীদের সঙ্গে সরকারের আলোচনা চলছে। জ্বালানিমন্ত্রী সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সরকারের প্রত্যাশা, সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং ভোক্তাদের ভোগান্তি কমবে।
তিনি আরও বলেন, শুধু অভিযান চালিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এলপিজি আমদানি, বোতলজাতকরণ ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। একই সঙ্গে বাজারে সরবরাহের ঘাটতি হচ্ছে কি না এবং ভোক্তারা ন্যায্য দামে পণ্য পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারিত দামে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে তদারকি চলবে। নির্ধারিত দামের বাইরে বিক্রি কিংবা কৃত্রিম সংকট তৈরির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভোক্তাদের স্বার্থে এলপিজির বাজার পরিস্থিতি তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার কথাও উল্লেখ করেন উপদেষ্টা। কোনো এলাকায় নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে তা প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার সুযোগ রয়েছে বলে জানান তিনি।