ইতালির ভেনিসে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কনস্যুলেটের কর্মকর্তারা ইতোমধ্যে বাঁধনের সঙ্গে যোগাযোগ করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও তাকে সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে।

আজ বাঁধনের সঙ্গে কনস্যুলেট কর্মকর্তাদের সরাসরি সাক্ষাতের কথা রয়েছে।এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসে একদল বাঙালি যুবকের হাতে হেনস্তা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে তার দিকে পানি ছুড়ে দিতে এবং একজনকে তার দিকে এগিয়ে যেতে দেখা যায়।

ঘটনার পর ফেসবুক লাইভে এসে বাঁধন জানান, ভেনিসে ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন তিনি। সেখানে একদল প্রবাসী বাঙালি তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তার শরীরে পানি ও কোমল পানীয় ছুড়ে দেন।

বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি তার ফোন কেড়ে নিয়ে ফেলে দেন। কানের পাশেও আঘাত করা হয়েছে বলে জানান তিনি। ওই সময় তার সঙ্গে থাকা ভাইয়ের ছোট শিশুটিও আতঙ্কিত হয়ে পড়ে।বাঁধনের দাবি, জুলাই আন্দোলনে তার সমর্থনের কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয় দেওয়া কয়েকজন এ হামলার সঙ্গে জড়িত।