দেশের সব নাগরিকের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, খাদ্য মানুষের মৌলিক চাহিদা ও সর্বজনীন মানবাধিকার। তাই প্রতিটি মানুষের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সম্মেলনকক্ষে Fortification Alliance of Bangladesh (FAB) আয়োজিত ‘Strengthening Public-Private Partnerships for Fortification in Bangladesh’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্যব্যবস্থাকে আধুনিক ও জনস্বাস্থ্যের উপযোগী করে গড়ে তুলতে হবে। বিশেষ করে নারী, শিশু ও পুষ্টিঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর চাহিদা পূরণে সমন্বিত উদ্যোগ জরুরি। খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সংযোজনের মাধ্যমে পুষ্টিমান বাড়ানোর কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে।
তিনি আরও বলেন, সরকারের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা কার্যক্রমকে কার্যকর করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। জনসচেতনতা সৃষ্টি, বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ এবং পুষ্টিকরণ কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কার্যক্রমের সমন্বয় ও বাস্তবায়ন সহজ করতে বিএসটিআই, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং টিসিবিকে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে আনা হলে সুবিধা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. তাহমিদ আহমেদ। প্যানেল আলোচনায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আনোয়ারুল ইসলাম, তানভীর আহমেদ, মো. ওসমান হারুনী, ফারিয়া শবনম ও জাকির ইবনে হাই অংশ নেন। আলোচকেরা পুষ্টিকরণ কার্যক্রম টেকসই করতে জনসচেতনতা, সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।