ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা জানান। বৈঠকে বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগ বৃদ্ধি, চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা, নতুন প্রকল্পে সহায়তা এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। এ সময় ফ্রান্সের এয়ারবাস থেকে বাংলাদেশ সরকারের ১০টি উড়োজাহাজ কেনার বিষয়েও আলোচনা করা হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো, পানি সরবরাহ, স্যানিটেশন ও নগর ব্যবস্থাপনার উন্নয়নে ফ্রান্সের দীর্ঘদিনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ সহযোগিতা আরও বাড়িয়ে দুই দেশের উন্নয়ন অংশীদারত্বকে নতুন মাত্রায় নেওয়া সম্ভব।
বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে ফ্রান্সের উন্নয়ন সহযোগিতা সংস্থা এএফডির চারটি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে ফ্রান্স প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা অর্থায়ন করছে। পাশাপাশি সাতটি শহরে পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নেও ফ্রান্সের সহায়তায় নতুন প্রকল্প নেওয়া হয়েছে।
বৈঠকে দুই দেশের বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি উন্নয়ন প্রকল্পের কার্যকর বাস্তবায়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।