সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন একটি বিশেষ ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী সপ্তাহে ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ নামে এই নতুন ইউনিট গঠনের কথা জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।তিনি জানান, একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে নতুন ইউনিটটি পরিচালিত হবে। এ জন্য পুলিশ সদর দপ্তরে প্রয়োজনীয় পদ না থাকলে নতুন পদ সৃষ্টি করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটি ইউনিটের কার্যক্রম মেট্রো, বিভাগ ও জেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত থাকবে। থানা ও জেলা পর্যায়েও আধুনিক সরঞ্জাম ব্যবহারের ব্যবস্থা করা হবে।তিনি জানান, বড় ধরনের ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা কেন্দ্র এবং বিভাগীয় পর্যায়ে রাখা হবে। জটিল সাইবার অপরাধের তদন্ত কেন্দ্রে আনা হবে, আর স্থানীয়ভাবে বিশ্লেষণ করা সম্ভব এমন বিষয় সংশ্লিষ্ট পর্যায়েই নিষ্পত্তির ব্যবস্থা থাকবে।

সাইবার স্পেসকে কেন্দ্র করে অপরাধ ও প্রতারণার প্রবণতা বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আধুনিক অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এ জন্য ইতোমধ্যে প্রকল্প প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।