চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে  ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না করে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাসের পরিকল্পনা করছে সরকার।
 
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে  এ পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি বহাল থাকবে বলে নিশ্চিত করেন তিনি।

দেশের বিভিন্ন এলাকায় অপ্রয়োজনীয়ভাবে অনেক কলেজ প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সেগুলো রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। সীমিত পরিসরে প্রতিষ্ঠানগুলোর পুনর্বিন্যাস কীভাবে করা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা করছে সরকার । শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়ায় সেগুলোকে কাছাকাছি অবস্থিত অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।