রাজধানীর যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা চলাচলের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের যানজট নিরসন, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং ব্যবস্থা এবং রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগের প্রতিবেদন পর্যালোচনা করে ১৫ দিনের মধ্যে সুপারিশসহ নতুন প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ ছাড়া ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। স্থায়ী টার্মিনাল নির্মাণের আগে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হবে।

গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ এবং কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।সচিবালয়ের আশপাশের যানজট কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করার সম্ভাবনা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বিকল্প পার্কিংয়ের স্থান খুঁজে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।