জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেওয়ার পরদিন, ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা ছিল। নিউইয়র্কের পাশাপাশি সান ফ্রান্সিসকো সফরের প্রস্তুতিও নেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও প্রতিনিধিদলের আকারও তুলনামূলক ছোট রাখা হয়েছে। নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ আয়োজিত কয়েকটি আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

উন্নয়ন, মহামারি মোকাবিলা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরমাণু নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে বিভিন্ন আয়োজনও থাকবে।সফরের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতিও চলছে। সম্ভাব্য বৈঠকের তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচের নাম রয়েছে।

এ ছাড়া সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহান আল সৌদসহ জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রস্তুতি চলছে।সম্ভাব্য বৈঠকের তালিকায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার নামও রয়েছে।সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।