আগের সরকারের আমলে ব্যাংক খাত থেকে সব নিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ব্যাংকগুলো এখন ফাঁকা মাঠের মতো পড়ে আছে। এ পরিস্থিতিতে নতুন শিল্পকারখানা চালু করা এবং দেশের বস্ত্র ও পোশাকশিল্প টিকিয়ে রাখা বড় চ্যালেঞ্জ।
শনিবার বিকেলে রাজধানীর রমনায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এইবি) মিলনায়তনে পোশাকশিল্পের সমস্যা ও সমাধানের করণীয় নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং ঋণপত্র (এলসি) খোলার জটিলতায় উদ্যোক্তারা চাপে রয়েছেন। আন্তর্জাতিক ক্রেতাদের বিভিন্ন শর্ত পূরণ করতেও তাঁদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এসব সংকট চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি বলেন, বস্ত্র ও পোশাকশিল্প দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এ খাতে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান রয়েছে। তাই উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানিসংকট ও আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার মধ্যেও শিল্পটিকে সচল রাখতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এর ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে আগের মতো বাণিজ্যসুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে কারখানা ও কর্মপরিবেশের মান উন্নয়নসহ ক্রেতাদের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। এ জন্য উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রয়োজন, অথচ ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতিতে অর্থের সংস্থান বড় চ্যালেঞ্জ।
বন্ধ শিল্পকারখানা চালুর বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো দক্ষ ও যোগ্য ব্যক্তিদের মাধ্যমে পরিচালনা করা গেলে সেগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এইবির আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনসহ অন্যরা।