পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার সকালে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ কমানো, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ রক্ষায় সরকারের চলমান বিভিন্ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়। ভবিষ্যতে দূষণ নিয়ন্ত্রণে আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়েও আলোচনা হয়।

পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর বিষয়টিও সভায় গুরুত্ব পায়।সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।