রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেনের ছাদে ওঠা ও ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ রেলওয়ে। এ নির্দেশ অমান্য করে ছাদে যাতায়াত করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দুষ্কৃতকারী হিসেবে বিবেচনা করে আইনের আওতায় আনার কথা জানানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ট্রেনের ছাদে অবস্থানকারী যাত্রীরা প্রায়ই ছিনতাইকারী ও দুর্বৃত্তদের হামলার ঝুঁকিতে পড়ছেন। এসব ঘটনায় আহত হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটছে। একই সঙ্গে ছাদে যাত্রী ওঠার কারণে রেল পরিচালনার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
রেলওয়ের আইন অনুযায়ী ট্রেনের ছাদে ভ্রমণ শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে আগেও একাধিকবার সতর্ক করা হলেও অনেক যাত্রী নিষেধাজ্ঞা উপেক্ষা করছেন।
এ পরিস্থিতিতে যাত্রীদের জীবন ও সম্পদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ট্রেন চলাচল নিশ্চিত করতে ছাদে ভ্রমণ বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে রেলওয়ে। যাত্রীদের নিরাপদে ভ্রমণের স্বার্থে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।




