দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পরিকল্পনার আওতায় মোংলাকে কেন্দ্র করে উত্তরাঞ্চল পর্যন্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত অংশীদারত্ব বিস্তারের ওপর গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শিল্প ও বাণিজ্যের প্রসারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ অত্যন্ত জরুরি।
মোংলাকে ঘিরে নতুন শিল্পাঞ্চল ও অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণে চীনা উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান তারেক রহমান। তার মতে, দুই দেশের যৌথ উদ্যোগ অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করতে পারে।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এদিন ইনভেস্ট বাংলাদেশ ও সিআরসিসির মধ্যে অর্থনৈতিক এবং অবকাঠামোগত সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। চীনা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অনুষ্ঠানে অংশ নেয়।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করার উদ্যোগে চীনা বিনিয়োগকারীদের সম্পৃক্ততাকে তিনি গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।




