এক দিনের সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে তিনি সেখানে অবতরণ করেন। এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে মোংলার উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।
তাঁর আগমন উপলক্ষে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এবং খুলনার দুই সংসদ সদস্য আলী আসগর লবি ও এস কে আজিজুল বারী হেলাল।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে আজ দুটি কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে জেটি নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন করা হবে।
এ ছাড়া বিদেশি বিনিয়োগ ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
মোংলার অনুষ্ঠান শেষে বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। পরে খুলনায় গিয়ে জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। দিনের সব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।