শিল্পাঞ্চলে উদ্ভূত পরিস্থিতি সরকার ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই আন্দোলন শ্রমিকদের আন্দোলন নয়। শ্রমিকদের আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কিছু ব্যক্তি। তাদের পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে।
শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং কাজ শুরু করেছে। তাই এখন আন্দোলনের প্রশ্ন আসে না।
নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ডকে নতুন মজুরি ঘোষণা করতে বলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা। এর আগেই ঘোষণা করা সম্ভব হলে সেটি সবচেয়ে ভালো হবে।




