এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বৃহস্পতিবার সংগঠনটির ১৩তম সাধারণ অধিবেশনের উদ্বোধন হয়। দেশটির ক্ষমতাসীন মিনজু পার্টি ও বিরোধী পিপল পাওয়ার পার্টির যৌথ আয়োজনে শিলা সিউল হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী পর্বের পর প্রথম প্ল্যানারি অধিবেশনে বক্তব্য দেন ইসমাইল জবিউল্লাহ।
‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ প্রতিপাদ্যের এই সম্মেলনে তিনি বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত নিরসনে গণতন্ত্র, সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর মতে, জনগণের আস্থা অর্জনের জন্য রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের ম্যান্ডেটকে দায়িত্ব হিসেবে বিবেচনা করে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দেন।
মধ্যপ্রাচ্য, বিশেষ করে ফিলিস্তিনের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভূরাজনৈতিক স্বার্থের চেয়ে মানুষের জীবন ও মর্যাদাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। পাশাপাশি অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাইরের রাজনৈতিক দলের হস্তক্ষেপ ঠেকাতে আইসিএপিপির কার্যকর উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন তিনি।
বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, কর্মসংস্থানের ঝুঁকি, আধুনিক যুদ্ধে প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ও উঠে আসে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য সমন্বিত নীতিমালা তৈরির আহ্বান জানান তিনি। তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং অপতথ্যের বিস্তার রোধেও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন।
সম্মেলনে বিভিন্ন মহাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, পারস্পরিক আস্থা ছাড়া বিশ্বে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশ ও বিএনপির পক্ষ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।