ঢাকা ও পাবনার মধ্যে সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগ শুরু হচ্ছে আগামী ১৯ নভেম্বর। এদিন থেকে নতুন এক জোড়া ট্রেন এই রুটে নিয়মিত চলাচল করবে। বাংলাদেশ রেলওয়ের এ-সংক্রান্ত প্রস্তাবে গত ৪ নভেম্বর অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে। ফিরতি পথে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে পাবনায় পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে। যাত্রাপথে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে।
১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে ট্রেন দুটির উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের মধ্য দিয়েই এই রুটে নতুন আন্তঃনগর সেবার আনুষ্ঠানিক সূচনা হবে।
সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াতের সুযোগ বাড়ানোর পাশাপাশি আধুনিক রেল যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্যেই নতুন ট্রেন দুটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ঢাকা-পাবনা পথে যাত্রীদের দীর্ঘদিনের আন্তঃনগর ট্রেনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।